রোববার ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ২১ মার্চ ২০২৬

খালেদা জিয়ার কবরে উঠে যুবকের আত্মহত্যাচেষ্টা

খালেদা জিয়ার কবরে উঠে যুবকের আত্মহত্যাচেষ্টা
ছবি: সংগৃহীত

রাজধানীর জিয়া উদ্যান-এ ঈদের দিন এক যুবকের আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই যুবক প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিস্থলে উঠে অস্বাভাবিক আচরণ শুরু করেন।

পরবর্তীতে তিনি নিজের সঙ্গে থাকা ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন। একপর্যায়ে নিজের গলাও কাটার চেষ্টা করেন বলে জানা গেছে। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে তাকে নিয়ন্ত্রণে আনেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষও উদ্ধারকাজে সহায়তা করেন।

দায়িত্বরত উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ জানান, যুবকটি উদ্যান এলাকায় ঘুরতে এসে হঠাৎ মাজারের ওপর উঠে আত্মহত্যার চেষ্টা চালান। পরে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে আনেন।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, ওই যুবক সমাধির ওপর গড়াগড়ি করছেন এবং পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে নিচ্ছেন।