শতাধিক মানুষসহ ব্রিজ ভেঙে নদীতে, ৫ শিশুর লাশ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার কাছাকাছি নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ঈদ উপলক্ষে ঘুরতে আসা মানুষের অতিরিক্ত ভিড়ে সেতুটি হঠাৎ উল্টে গিয়ে ভেঙে পড়ে। এতে অনেকেই নদীতে পড়ে যান। অধিকাংশ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সবাই শিশু।
তারা হলেন—ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে রিফাত (১৬) ও মেয়ে মায়ামনি (১০), এবং গামারিয়া এলাকার আবির (১৬)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল ইসলাম জানান, উদ্ধার অভিযান শেষে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে এবং আর কোনো নিখোঁজের তথ্য না থাকায় অভিযান সমাপ্ত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অতিরিক্ত মানুষ ওঠায় সেটি ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে এবং সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।



























