রোববার ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ২২ মার্চ ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ
ছবি: সংগৃহীত

রাজধানী ছেড়ে এখনও গ্রামের পথে মানুষের ঢল থামেনি। ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ট্রেন ও বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন।

রোববার সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ও মহাখালী বাসস্ট্যান্ডে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের প্রতিটি বগিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানিয়েছেন, ঈদের আগে টিকিট না পাওয়া কিংবা টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে না পারার কারণে বাধ্য হয়ে তারা ঈদের দ্বিতীয় দিনে যাত্রা করছেন। তবুও সামান্য সময়ের জন্য হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন—এটাই তাদের স্বস্তি।

এদিকে কুমিল্লায় ঘটেছে মর্মান্তিক এক দুর্ঘটনা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় একটি বাস ও ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ওয়ান আপ’ ট্রেনটির সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায়।