মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২৩ মার্চ ২০২৬

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। 

সোমবার (২৩ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম দায়িত্ব হলো করদাতাদের স্বার্থ রক্ষা করা এবং নিশ্চিত করা যে অভিবাসীরা সেখানে গিয়ে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন। সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, কিছু দেশের নাগরিকদের মধ্যে এসব সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি—এমন দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।

এই প্রেক্ষাপটে, সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর চাপ কমানো, করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা এবং অভিবাসন নীতিমালা পুনর্মূল্যায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার মধ্যে সীমাবদ্ধ নয়। এর আওতায় আরও রয়েছে— পর্যটক ভিসা, শিক্ষার্থী ভিসা, অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সাময়িক স্থগিতাদেশের মাধ্যমে ভিসা যাচাই ও বাছাই প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে। এর লক্ষ্য হলো ভবিষ্যতে এমন নীতিমালা প্রণয়ন করা, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

উল্লেখ্য, এই সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে বা কবে পুনরায় ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে—সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

সর্বশেষ