রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না করলে রাজনীতির দরজা বন্ধ: আইনমন্ত্রী
রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন—এ পথে অব্যাহত থাকলে তাদের জন্য রাজনীতির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।
রবিবার (২২ মার্চ) রাতে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে আর্থ সামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।
তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা রাজনীতি করতে এসেছেন। আর আপনারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন, প্লট নেবেন এটা হবেনা। মাননীয় প্রধানমন্ত্রী কেবিনেট মিটিংয়ে এজন্য বলেছেন, আপনারা ভুলে যান আপনারা দলীয় এমপি। সুতরাং আপনারা কোন ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট পাবেন না।
মন্ত্রী বলেন, আঙ্গুলের কালো কালির দাগ মুছে যাবার আগেই আমরা ভোটের মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা একটার পর একটা সেগুলো বাস্তবায়ন করছি। আমরা বলেছিলাম বিএনপি ক্ষমতায় গেলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করা হবে।
তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছি ১১ লক্ষের উপরে কৃষক ১০ হাজার টাকা কৃষি লোনের দায়ে দায়বদ্ধ আছে। যার পরিমান দেড় হাজার কোটি টাকা। আমাদের প্রথম কেবিনেট মিটিংয়ের প্রথম সিদ্ধান্ত ছিলো কৃষি লোন মওকুফ করে দেয়া। আমরা তা বাস্তবায়ন করেছি।



























