বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ২৬ মার্চ ২০২৬

বাস ও লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ঝলসে ১২ জনের মৃত্যু

বাস ও লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ঝলসে ১২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস ও লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে আগুনের ঘটনা ঘটেছে। এতে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে অন্ধ্রপ্রদেশের মারকাপুরম জেলায় লরির সঙ্গে বেসরকারি যাত্রীবাহী বাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। 

জানা গেছে, এদিন ভোর ৬টা নাগাদ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়। বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের উদ্দেশে যাচ্ছিল। এরপর বাসটি মারকাপুরম জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের পরেই বাসটিতে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আট জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অন্তত ২৪ জন গুরুতর আহতকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানে আরও চার জন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করতে বলেছেন তিনি। এছাড়া তিনি গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়েছেন।

তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, সম্ভবত গাড়ি চালক নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। তাদের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বাসে কত জন যাত্রী ছিলেন তা স্পষ্ট করে জানা যায়নি।