সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
রূপকথার গল্পে সোনার রাস্তার বর্ণনা থাকলেও বাস্তবে এমন দৃশ্যের দেখা মেলেনি। এবার সেই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিশ্বের প্রথম সোনার রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছে শহরটির গোল্ড ডিস্ট্রিক্ট।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ পর্যটকদের জন্য উন্মুক্ত হতে পারে এই ব্যতিক্রমী আকর্ষণ।
সোনা দিয়ে তৈরি গয়না, বার কিংবা বিলাসবহুল সামগ্রীর সঙ্গে পরিচিত মানুষ। তবে এবার সোনার রাস্তা তৈরির উদ্যোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দুবাই।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি শহরটির অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, গোল্ড ডিস্ট্রিক্টে নির্মাণের পরিকল্পনা করা এই রাস্তার মূল ভাবনায় রয়েছে ২৪ ক্যারেট খাঁটি সোনা। তবে রাস্তা তৈরিতে ঠিক কী ধরনের নির্মাণপদ্ধতি ব্যবহার করা হবে, এতে কতটা সোনা থাকবে কিংবা এর কাঠামো কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
বিশ্বজুড়ে স্বর্ণবাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে সুপরিচিত দুবাই। সোনার বাজার, গয়নার দোকান এবং আন্তর্জাতিক বাণিজ্যের কারণে দীর্ঘদিন ধরেই শহরটি ব্যবসায়ী ও পর্যটকদের আকর্ষণ করে আসছে। সেই ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে গোল্ড ডিস্ট্রিক্টে নেওয়া হচ্ছে এই ব্যতিক্রমী উদ্যোগ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সোনার রাস্তা নির্মিত হলে দুবাইয়ের পর্যটন আকর্ষণে নতুন মাত্রা যোগ হবে। পাশাপাশি শহরটির স্বর্ণবাণিজ্যের পরিচিতি আরও বিস্তৃত হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছে জায়গাটি নতুন দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।



























