প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে কারাগারে স্থানান্তরের নির্দেশ
ব্যক্তিগত জিমসহ বিলাসবহুল কক্ষে থাকার অভিযোগ ওঠার পর প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে সামরিক কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার (১৬ নভেম্বর) বিচারক ওসমার লেগাল তাকে রাজধানী আসুনসিওনের প্রেসিডেনশিয়াল এসকর্ট রেজিমেন্ট (সেনাঘাঁটি) থেকে ভিনাস কু সামরিক কারাগারে অবিলম্বে স্থানান্তরের আদেশ দেন।
সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে গ্রেপ্তারের পর প্রেসিডেনশিয়াল এসকর্ট রেজিমেন্টে রাখা হয়েছিল। এটি সাধারণ কোনো কারাগার নয়। এটি প্রেসিডেন্টের নিরাপত্তা, সুরক্ষা ও সামরিক প্রটোকল রক্ষার দায়িত্বে থাকা বিশেষ বাহিনীর স্থাপনা।
প্যারাগুয়ের সংবাদমাধ্যম এবিসি কালারের প্রতিবেদন অনুযায়ী, প্রাক্-বিচারিক আটকাদেশ যথাযথভাবে কার্যকর করা এবং আটক অবস্থায় বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সামরিক ঘাঁটিতে পেনিয়ার জন্য ব্যক্তিগত ব্যায়ামাগার, উন্নত কক্ষ ও অন্যান্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করার অভিযোগ প্রকাশ্যে আসে। সাধারণ বন্দিদের তুলনায় তার আটকাবস্থায় বাড়তি সুবিধা নিয়ে দেশটিতে সমালোচনা তৈরি হয়।
আদালতের নির্দেশে ভিনাস কু কারাগারে পেনিয়ার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অন্য বন্দিদের, বিশেষ করে একই মামলার আসামিদের কাছ থেকে তাকে আলাদা রাখার কথা বলা হয়েছে। কারা কর্তৃপক্ষকে নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রটোকল সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক।
এদিকে ইউএনও ব্যাংকের আর্থিক বিপর্যয়কে কেন্দ্র করে প্যারাগুয়ে বড় ধরনের রাজনৈতিক ও আর্থিক সংকটের মুখে পড়েছে। গত ৩ নভেম্বর ব্যাংকটি দেউলিয়া হয়ে পড়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে। এর জেরে প্রায় ৩০ লাখ গ্রাহকের হিসাব ও লেনদেন বিঘ্নিত হয়।
এই ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে গত ৬ নভেম্বর সিনেটের অভিশংসন প্রক্রিয়ায় ক্ষমতাচ্যুত হন পেনিয়া। এরপর ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
ব্যাংকটির সঙ্গে পেনিয়ার সংশ্লিষ্টতা এবং সরকারি অর্থ ব্যবহারে সম্ভাব্য অনিয়ম নিয়ে তদন্ত চলছে। তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক যোগসাজশ ও ব্যক্তিস্বার্থে প্রশাসন পরিচালনার অভিযোগ আনা হয়েছে। তবে পেনিয়া সব ধরনের অন্যায় অস্বীকার করেছেন।
তদন্ত চলাকালে ভিনাস কু সামরিক কারাগারেই থাকতে হবে সাবেক এই প্রেসিডেন্টকে।



























