তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে রাজি নয় নয়াদিল্লি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—এমন বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বলেন, তাঁরা বাংলাদেশ ও দেশের মানুষের স্বার্থের কথা ভাবেননি। সীমান্তের ওপারে যে দেশে তাঁরা পালিয়ে গেছেন, সেটিই তাঁদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তাঁরা আবারও বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। বক্তব্যে তিনি সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বেশি কার্যকর ছিল। ওই দিন দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ক্ষমতাসীন বিএনপির দুই সদস্য নিহত হন। এ ছাড়া শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে জয়সওয়াল বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে চায়, যা উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।’
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গ
এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও সংবাদ ব্রিফিংয়ে উঠে আসে। লন্ডনভিত্তিক তাঁর আইনজীবীরা বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনের কাছে দ্বিতীয়বারের মতো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন।
এর আগে চলতি মাসের শুরুতে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেন। তবে ঢাকার কর্মকর্তারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন এবং তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের আগের প্রত্যর্পণ অনুরোধের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। এর আগে তিনি জানিয়েছিলেন, প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুযায়ীই এর সুরাহা করা হবে।
গঙ্গা পানি চুক্তি নিয়েও প্রশ্ন
এদিকে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তি নিয়েও সংবাদ ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, গঙ্গা নদীসহ পানি ও আন্তঃসীমান্ত নদীসংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত মাধ্যম।
বিস্তারিত কিছু না জানিয়ে তিনি আরও বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে নিজেদের স্বার্থ রক্ষাতেও ভারত অবিচল রয়েছে।



























