৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পৃথক পাঁচটি মামলায় জামিন পেয়েছেন। বাংলাদেশ হাইকোর্ট–এর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এগুলো হলো—ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলা।
অপর মামলাটি সদর মডেল থানায় দায়ের করা হয়। এতে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তার জামিন মঞ্জুর করেন।
তবে ওই জামিনের আদেশ আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। এর মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।



























