শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার এ কথা উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের নদী, খাল ও জলাশয়কে পূর্ণাঙ্গভাবে খননের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিদর্শনে এসেছি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই খালটি খনন করা হলে এ অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে। এর ফলে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা দিয়েছেন, আজকের এই কার্যক্রম তারই বাস্তব প্রমাণ। এই খাল খননের মাধ্যমে কতটা জমি নতুন করে চাষের আওতায় আনা সম্ভব, তা এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।”

তিনি বলেন, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে সম্প্রতি একাধিক মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সমন্বিতভাবে একটি টিম গঠন করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খনন করা খালগুলো ভবিষ্যতে পুনরায় ভরাট না হয়ে যায়। এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা সেই পথ অনুসরণ করেই এবার এই কর্মসূচি বাস্তবায়ন করব।”

সর্বশেষ