সনি র্যাংগসের এমডিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইলেকট্রনিকস পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (সনি র্যাংগস)–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেন ও তার পরিবারের তিন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন—একরাম হোসেনের ভাই ও প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বিনাস হোসেন এবং তাদের বাবা সাচিমি ওগাওরা হোসেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিন আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়, সনি র্যাংগসের এমডি ও ডিএমডির বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্তরা এবং তাদের পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
দুদকের দাবি, এসব সম্পদ বিভিন্ন স্থানে স্থানান্তরের চেষ্টা চলছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তাই সম্পদ রক্ষা এবং অপরাধের আলামত সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশযাত্রা বন্ধ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।



























