বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ২৫ আগস্ট ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট, আজ হলো না ঘোষণা

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট, আজ হলো না ঘোষণা
ছবি: সংগৃহীত

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের রায় আজ ঘোষণা হচ্ছে না। হাইকোর্টের নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (২৫ আগস্ট) রায় দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ৩১ আগস্ট করা হয়েছে।

মামলাটির বিচারিক কার্যক্রমের পর উচ্চ আদালতে ওঠা ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় সোমবার। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে ২৫ আগস্ট রায়ের দিন ঠিক করা হয়েছিল।

এর আগে গত বুধবার থেকে হাইকোর্টে মামলাটির শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর সোমবার শুনানি সমাপ্ত হয়।

আছিয়া হত্যা মামলায় ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান ওই রায় ঘোষণা করেন।

মামলায় হিটু শেখকে প্রধান আসামি করা হয়েছিল। তিনি নিহত শিশু আছিয়ার বোনের শ্বশুর। একই মামলায় সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে খালাস দেন আদালত। সজীব শেখ আছিয়ার বোনের জামাই, রাতুল শেখ সজীবের ভাই এবং জাহেদা বেগম তাদের মা।

ট্রাইব্যুনালে হিটু শেখের মৃত্যুদণ্ড হওয়ার পর আইন অনুযায়ী মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে ডেথ রেফারেন্সের মাধ্যমে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলাটি সেখানে আসে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিও রায়ের বিরুদ্ধে আপিল করেন।

সেই ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এখন রায় ঘোষণার জন্য ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছে হাইকোর্ট।

জনপ্রিয়