শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সেই সিদ্ধান্ত আজ সোমবার (৩১ আগস্ট) জানাবেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা ডেথ রেফারেন্স ও আপিলের ওপর এদিন রায় ঘোষণা করা হবে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করবেন।
এর আগে গত ২৫ আগস্ট এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করেন আদালত। শুনানি শেষে নতুন এ তারিখ ধার্য করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানান, মামলার গুরুত্বপূর্ণ সব তথ্য-প্রমাণ আদালতের সামনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে সাক্ষীদের জবানবন্দি, প্রধান আসামি হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্ট রয়েছে।
তিনি বলেন, এসব তথ্য-প্রমাণ বিবেচনায় বিচারিক আদালত যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, হাইকোর্টেও তা বহাল থাকবে বলে রাষ্ট্রপক্ষ প্রত্যাশা করছে।
তবে আসামিপক্ষ হিটু শেখকে খালাস দেওয়ার আবেদন জানিয়েছে। রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী হাফিজুর রহমান খান আদালতে প্রধান আসামির খালাসের পক্ষে যুক্তি তুলে ধরেছেন।
আছিয়ার মৃত্যুর ঘটনায় তার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় আছিয়ার বড় বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। বিচারিক কার্যক্রমে হিটু শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ মে মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।



























