রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৬

ইসির ওয়েবসাইট থেকে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস

ইসির ওয়েবসাইট থেকে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়। তবে সাংবাদিকদের তীব্র আপত্তির মুখে গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত থেকে সরে আসে নাসির উদ্দিন কমিশন।

এই সিদ্ধান্ত পরিবর্তনের আগেই প্রায় ১৪ হাজার সাংবাদিক কার্ড ও স্টিকার পেতে ইসির অনলাইন সিস্টেমে আবেদন করেন। কিন্তু শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে এসব সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে যায়।

ইসির নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এ প্রবেশ করলে দেখা যায়, হোম পেজেই আবেদনকারীদের তালিকা চলে আসছে। সেখানে সাংবাদিকদের নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বরসহ সম্পূর্ণ আবেদনপত্র দেখার সুযোগ ছিল। কেউ লগইন করলেই এই তথ্যগুলো দেখতে পাচ্ছিল। কিছু সময় পর ওয়েবসাইটটি আর প্রবেশযোগ্য ছিল না।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে আলোচনা ছাড়াই অনলাইন পদ্ধতি চালু করে। পরে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে সাংবাদিকরা আল্টিমেটাম দিলে ইসি অনলাইন পদ্ধতি বাতিল করে আগের নিয়মে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, “আমরা অনলাইন সিস্টেম গতকাল (শুক্রবার) বন্ধ করে দিয়েছি। আজ কীভাবে এটি ওপেন হলো, তা খোঁজ নিয়ে বলতে পারব।”

পরে তিনি জানান, শনিবার বিকেলে ওয়েবসাইটের অ্যাডমিনের দায়িত্বে থাকা ব্যক্তি এটি খুলেছিলেন। বর্তমানে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে।