রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

আজ থেকে নতুন দামে মিলবে জ্বালানি তেল

আজ থেকে নতুন দামে মিলবে জ্বালানি তেল
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ধরনের জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন দাম আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে, যাতে বিশ্ববাজারের মূল্য ওঠানামার সঙ্গে দেশের ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করা যায়।

ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ টাকা ও ১২২ টাকায়। একই সময়ে পেট্রোল ও কেরোসিন বিক্রি হয়েছে যথাক্রমে ১১৮ টাকা ও ১১৪ টাকায়।