শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
ইংরেজি ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারির আগমন মানেই বাঙালির হৃদয়ে চিরচেনা দ্রোহ ও গৌরবের নতুন জাগরণ। ফেব্রুয়ারি আমাদের শেকড় সন্ধানের মাস—যে মাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাঙালি ছিনিয়ে এনেছিল তার পরম অধিকার, মাতৃভাষার মর্যাদা।
রাজপথ কাঁপানো স্লোগান, লালে লাল মিছিল আর অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলা ভাষা আজ বাংলাদেশের সবচেয়ে বড় অলংকার, আত্মপরিচয়ের সবচেয়ে শক্তিশালী প্রতীক।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি থেকে ২০২৬ সাল—দীর্ঘ ৭৪ বছরের এই পথচলা আত্মত্যাগের মহিমায় ভাস্বর। অমর একুশে এখন আর কেবল ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্রে সীমাবদ্ধ নয়; ভাষা আন্দোলনের সেই চেতনা আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় স্বীকৃত।
বাঙালির রক্তমাখা এই ইতিহাস আজ শুধু আমাদের নয়, গোটা বিশ্বের গর্ব।
সময়ের বিবর্তনে ভাষার রূপান্তর ও বহমানতা নিয়ে নানা প্রশ্ন উঠলেও দিনশেষে একটি সত্যই ধ্রুব—এই ভাষাই আমাদের প্রাণ, আমাদের পরিচয়, আমাদের অস্তিত্বের মূল সুর।
কালচক্রের আবর্তনে প্রতি বছর ফেব্রুয়ারি ফিরে আসে নতুন দীপ্তি নিয়ে। হাজার বছরের ঐতিহ্যের রিলে রেসে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা বহন করে চলেছি আমাদের প্রিয় বাংলা ভাষার পতাকা। চূড়ান্ত বিচারে জয়ী হয় আমাদের দেশ, আমাদের মানুষ এবং আমাদের প্রাণপ্রিয় বাংলা ভাষা।



























