চুক্তির সঙ্গে জড়িতরা যেন দেশ ছেড়ে যেতে না পারে : আনু মুহাম্মদ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তির উদ্যোগকে জাতীয় স্বার্থবিরোধী বলেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এ ধরনের চুক্তি করার আইনগত ও নৈতিক এখতিয়ার নেই। এই চুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন দেশ থেকে বের হতে না পারেন, সে ব্যবস্থা নিতে হবে।
রাজধানীর শাহবাগে গত মঙ্গলবার এক সংহতি সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এবং বন্দর শ্রমিকদের কর্মবিরতির সমর্থনে গণতান্ত্রিক অধিকার কমিটি সমাবেশটির আয়োজন করে।
আনু মুহাম্মদ বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তাদের দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকার কেন ও কিসের বিনিময়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো করছে, তার একটা শ্বেতপত্র প্রকাশ এবং দায়ীদের বিচারের সম্মুখীন করা। সেটা করার জন্য এই সরকারের মধ্যে যারা এসব তৎপরতা চালাচ্ছে, তারা যেন দেশ থেকে বের হতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে।’



























