গুলশানে পুলিশ কর্মকর্তাকে মারধর, গ্রেফতার ৫
রাজধানীর গুলশান এলাকায় গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় গুরুতর আহত এডিসি মাহফুজ্জামান সরকারের শরীরে ১৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে গত বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, ডিউটি শেষে বাসায় ফেরার পথে পুলিশ প্লাজার পেছনে একটি গাড়িকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তির সঙ্গে এডিসি মাহফুজ্জামানের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি বার থেকে মদ্যপ অবস্থায় বের হয়েছিলেন। চলাচলের সময় তাদের গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির ঘটনা ঘটে। এরপর তারা এডিসির গাড়ি রোধ করেন। গাড়ির সামনে পুলিশের লোগো দেখে তারা উত্তেজিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তারা বার থেকে আরও লোকজনকে ফোন করে ডেকে আনেন। পরে ২০ থেকে ২২ জন মিলে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়।
হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, হামলাকারীরা মূলত ব্যবসায়ী এবং তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন। গ্রেপ্তারকৃতরা বর্তমানে থানায় রয়েছেন এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।



























