শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ করবে সেনাবাহিনী’

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ করবে সেনাবাহিনী’
ছবি: সংগৃহীত

নির্বাচনী কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করতে পারে বলে মন্তব্য করেছেন সেনা সদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন। তবে এ ক্ষেত্রে নির্ধারিত ‘রুলস অব এনগেজমেন্ট’  সম্পূর্ণভাবে অনুসরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী কেন্দ্রের পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হলে সেনাবাহিনীর করণীয় কী—এমন প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, ‘সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অব এনগেজমেন্ট নির্ধারিত রয়েছে। আমরা আইনগত কাঠামোর মধ্য থেকেই দায়িত্ব পালন করি।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো পরিস্থিতিতে সত্যিই অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অব এনগেজমেন্টে বর্ণিত ধাপে ধাপে বল প্রয়োগ বৃদ্ধির প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভোটের দিন আগে কিংবা পরে মব বা সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে সেনাবাহিনীর ভূমিকা কী হবে—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা বিভিন্ন হামলার ঘটনা ও মব ইনসিডেন্ট দেখেছি। বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, তা বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।’

রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, ‘রাজনৈতিক বিষয়ে আমি আলোচনায় যাব না। তবে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে অন্যান্য বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।’

সর্বশেষ