মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : আনসার মহাপরিচালক

ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : আনসার মহাপরিচালক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে ভোটকেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর আনসার (ডিএমএ) এ সমাবেশের আয়োজন করে।   

মহাপরিচালক বলেন, সন্ত্রাসীদের চাপ থাকলে ভয় পাওয়া যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশৃঙ্খলা হলে কোনোভাবেই ভোটকেন্দ্র ছাড়া যাবে না। ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে পাহাড়ের মতো অটল থাকতে হবে। 

তিনি বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আধুনিক ডিজিটাল তদারকির সমন্বয়ে বাহিনীকে একটি যুগোপযোগী, স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থানে নিয়ে আসা হয়েছে। যার লক্ষ্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, অন্যদিকে জনগণের আস্থা সুদৃঢ় করা। 

আনসার মহাপরিচালক বলেন, ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ঢাকায় ২৭ হাজার ৭০৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করবেন। সারা দেশে আনসার-ভিডিপির প্রায় ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। 

তিনি বলেন, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের উসকানি প্রতিহত করতে হবে। দেশের মানুষকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।

সর্বশেষ