শেরপুর-৩ ও বগুড়া-৬ এর উপ-নির্বাচন ৯ এপ্রিল: ইসি
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর–৩ আসনের সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া–৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিকেলের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য নিশ্চিত করেন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
তিনি জানান, দুটি আসনের নির্বাচনের জন্য কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বিকেলেই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, শেরপুর–৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া–৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল প্রকাশ করা হবে। প্রবাসী ভোটার, দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা এবং ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।
এছাড়া শেরপুর–৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন।



























