এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!
চট্টগ্রাম–১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম হাসপাতালে পরিদর্শনে আসবেন— এমন খবর ছড়িয়ে পড়ার পর নিয়মিত রোগীদের সরিয়ে নেতাকর্মীদের বেড দখলের অভিযোগ উঠেছে। তবে পরিদর্শন শেষে এমপি চলে গেলে ওই নেতাকর্মীরাও হাসপাতাল ত্যাগ করেন বলে জানা গেছে।
সোমবার দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এ ঘটনা ঘটে। এমপির সঙ্গে আসা শতাধিক নেতাকর্মীর ভিড়ে হাসপাতালের পরিবেশ বেসামাল হয়ে পড়ে। ঘটনাটি নিয়ে পুরো উপজেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, শ্বাসকষ্ট ও আঘাতপ্রাপ্ত কয়েকজন রোগী বেডে চিকিৎসাধীন থাকলেও অধিকাংশ বেডই খালি পড়ে আছে।
হাসপাতালে ভর্তি থাকা বৃদ্ধ আলমগীর (৬৫) জানান, তিনি এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি আছেন। সোমবার সকাল থেকে ৩০–৪০ জন লোক এসে রোগীদের বের করে দিয়ে নিজেদের বেডে শুয়ে পড়ে। এতে অসুস্থ রোগীদের সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইরে বসে থাকতে হয়। পরে এমপি চলে গেলে তারা আবার হাসপাতালে প্রবেশ করতে পারেন।
আরেক রোগী মোহাম্মদ হোসেন (৫০) অভিযোগ করে বলেন, কিছু লোক এসে জানায় ভিআইপি রোগী আসবে, তাই তাদের সিট ছাড়তে হবে। পরে তারা নিজেরাই সেখানে অবস্থান নেয়। এমপি এলে তার ছেলের পক্ষ থেকে ওই লোকদের দুই হাজার টাকা করে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। এ সময় প্রকৃত রোগীদের সঙ্গে কেউ কথা বলেনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, আগের দিন হাসপাতালে ৭৮ জন রোগী থাকলেও সোমবার সকালে প্রায় অর্ধেক রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যান। সকাল ১১টার দিকে ২৩ জন আহত ব্যক্তি জরুরি বিভাগে এসে ভর্তি হন। তাদের মধ্যে আলী হোসেন (৩৯), মঈন উদ্দিন (৩২), নাছির খান (২৭), নেজাম উদ্দিন (৪২) ও উত্তম তালুকদার (৫০) রয়েছেন। বিকেলের মধ্যেই তারা হাসপাতাল ছেড়ে চলে যান।
এ বিষয়ে হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দীন চৌধুরী বলেন, যে কোনো রোগী এলে চিকিৎসা দেওয়া আমাদের দায়িত্ব। সোমবার নির্বাচন-সংক্রান্ত ঘটনায় আহত ২৩ জন ভর্তি হন। দুপুরে এমপি এসে তাদের খোঁজখবর নেন এবং বিকেলে তারা রিলিজ নিয়ে চলে যান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে সংঘর্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। নির্বাচনে জয়লাভের পর এমপি শপথ নিতে ঢাকা যান এবং রোববার ফিরে এসে সোমবার আহতদের দেখতে হাসপাতালে যান।



























