বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে মুভিং সার্ভিসের বিরুদ্ধে অতিরিক্ত টাকা দাবি ও হুমকির অভিযোগ

রাজধানীতে মুভিং সার্ভিসের বিরুদ্ধে অতিরিক্ত টাকা দাবি ও হুমকির অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাতে অনলাইনভিত্তিক একটি মুভিং সার্ভিস প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তির পর দফায় দফায় অতিরিক্ত অর্থ দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জয় খিলগাঁও থানায় এফআইআর দায়েরের আবেদন করেছেন।

লিখিত অভিযোগে তিনি জানান, “Globalpacknmove.com” নামের একটি অনলাইন পেইজের মাধ্যমে বাসা পরিবর্তনের জন্য যোগাযোগ করা হয়। প্রতিষ্ঠানটি যোগাযোগের জন্য ০১৭১০২২৫৮৪৪ নম্বর ব্যবহার করে এবং নিজেদের ঠিকানা হিসেবে নিউ ডিওএইচএস মহাখালী ও মিরপুর-১৪ এলাকার হিরাঝিল আবাসিক এলাকার দুটি ঠিকানা দেয়।

অভিযোগ অনুযায়ী, প্রথমে নির্দিষ্ট টাকার বিনিময়ে মালামাল স্থানান্তরের বিষয়ে চুক্তি হয়। তবে নির্ধারিত সময় ঘনিয়ে এলে প্রতিষ্ঠানটি অতিরিক্ত অর্থ দাবি শুরু করে। প্রথম দফায় অতিরিক্ত অর্থ পরিশোধ করা হলেও তৃতীয় দফায় আরও বেশি টাকা দাবি করা হলে ভুক্তভোগী অসম্মতি জানান। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা অশোভন আচরণ ও হুমকি দেন এবং কাজ সম্পন্ন করতে অস্বীকৃতি জানান।

অভিযোগে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড প্রতারণা ও জোরপূর্বক অর্থ আদায়ের প্রচেষ্টা, যা দণ্ডবিধির ৪১৫/৪২০ (প্রতারণা) ও ৩৮৪ (চাঁদাবাজি) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।

আইনজীবীদের মতে, শুরু থেকেই কম টাকার প্রলোভন দেখিয়ে পরে অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্য থাকলে তা স্পষ্ট প্রতারণা হিসেবে গণ্য হবে। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করলে তা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে।

ভোক্তা অধিকার বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনভিত্তিক সেবা গ্রহণের ক্ষেত্রে লিখিত চুক্তি, নির্দিষ্ট কোটেশন ও প্রতিষ্ঠানের নিবন্ধন যাচাই করা জরুরি। প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট থানার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এ অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।

থানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ