বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

বাসস

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক আরো ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে

রাজনৈতিক হয়রানিমূলক আরো ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরো ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মন্ত্রী আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন মামলা বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নেয়া হয়েছে। 

তিনি বলেন, আমরা আরো বেশকিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। মামলাগুলো সত্যিকার অর্থে রাজনৈতিক মামলা কিনা তা সতর্কতার সঙ্গে যাচাই-বাচাই করে দেখা হবে। 

তিনি আরো বলেন, এর যাতে অপব্যবহার না হয়, সেজন্য যাচাই-বাছাই কমিটি করে দেওয়া হবে। আজ-কালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়েরকৃত মামলাগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দায়েরকৃত বেশকিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার জন্য কিছু সাধারণ ও নিরীহ লোককে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এই মামলাগুলো করেছে যেগুলো আমাদের নজরে এসেছে। এগুলো যাচাই বাচাই করে আমরা সঠিক তথ্য খুঁজে বের করবো। 

তিনি বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হয়-সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সর্বশেষ