শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বিদ্যুৎমন্ত্রী

ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো

ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো
ছবি: সংগৃহীত

ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) নির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তি‌নি ব‌লেন, অতীতে লোডশেডিং থাকলেও জাতির কাঁধে ঋণের বোঝা ছিল না। বর্তমানে বিদ্যুৎ পাওয়া গেলেও ঋণের পরিমাণ অনেক বেশি। ঋণে ডুবে থাকার চেয়ে কষ্ট করে থাকা ভালো বলে তিনি মন্তব্য করেন।

বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, অনেক বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হলেও সেখানে জ্বালানি সরবরাহের ব্যবস্থা নেই। বিদ্যুৎ উৎপাদন করতে না পারলেও অনেক কেন্দ্রকে বসিয়ে রেখে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। পুরো খাতে একটি হযবরল অবস্থা বিরাজ করছে বলে তিনি জানান।

সিস্টেম লস কমানোর ওপর জোর দিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ১৯ বছর আগে সিস্টেম লস ৬ শতাংশ থাকলেও এখন তা ১০ শতাংশে দাঁড়িয়েছে। ১ শতাংশ সিস্টেম লস কমানো মানে বিপুল সাশ্রয়। প্রাথমিকভাবে এটি ৫ শতাংশে এবং পরে ৩ শতাংশে নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।