শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মোহাম্মদপুরে চার তলা ভবনের গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

মোহাম্মদপুরে চার তলা ভবনের গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি চার তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের পর বাসা ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা এ চুরি সংঘটিত করে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী এবিএম সাদিকুর রাকিব কিরণ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড-এর ৩ নম্বর রোডের ১৬৩/বি২ নম্বর বাসা ‘নার্গিস ভিলা’র চারতলায় গত পাঁচ বছর ধরে বসবাস করছেন সাদিকুর রাকিব কিরণ দম্পতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর নামাজ আদায় করে রাত আনুমানিক ৭টা ৫ থেকে ১০ মিনিটের দিকে তারা কেনাকাটার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।

রাত প্রায় ৯টার দিকে বাসায় ফিরে কিরণ গাড়ি পার্কিং করতে গেলে তার স্ত্রী ফ্ল্যাটের গেট খুলতে গিয়ে দেখেন ভেতর থেকে লক করা। পরে দারোয়ানকে সঙ্গে নিয়ে ওপরে গিয়ে গেট খোলার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। পাশের দোকান থেকে মিস্ত্রি এনে পরীক্ষা করে দেখা যায়, দরজাটি ভেতর থেকে বন্ধ।

পরে জোরপূর্বক দরজা খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, মাস্টার বেডরুমের বারান্দার গ্রিল কেটে এবং বেলকনির দরজা ভেঙে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করেছে। আলমারি তছনছ করে প্রায় ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক ১০ হাজার টাকা নগদ অর্থ চুরি করা হয়েছে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং চুরি যাওয়া মালামালের তালিকা প্রস্তুত করে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর ধারণা, তারা দুজনই কর্মজীবী হওয়ায় দিনের বেশিরভাগ সময় বাসা ফাঁকা থাকে— বিষয়টি লক্ষ্য করেই চোরচক্র পূর্ব পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় এলাকায় চুরির আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, নিয়মিত টহল জোরদার এবং ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো প্রয়োজন।

সর্বশেষ