ইয়াস বাংলাদেশ বাকৃবি শাখার নেতৃত্বে আসিফ এবং লামইয়া
বিশ্বের অন্যতম বৃহত্তম কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানের শিক্ষার্থীদের সংগঠন 'ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস' (ইয়াস) -এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী ও পরিচালনা পর্ষদ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে কে, এম, আসিফ আল-রেহমান সাম্য লোকাল ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছে এবং হেড অফ কন্ট্রোল বোর্ড হিসেবে লামইয়া ইসলাম মনোনীত হয়েছে।
কৃষি বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থীদের বৈশ্বিক প্ল্যাটফর্মে দক্ষ করে তোলা এবং গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল চার টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের স্নাতোকত্তর শ্রেণিকক্ষে আয়োজিত ইয়াস বাংলাদেশের বাকৃবি শাখার 'আঞ্চলিক সম্মেলন-২০২৫' অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াস বাংলাদেশ বাকৃবির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এম জুলফিকার রহমান।
নতুন কমিটিতে ভাইস ডিরেক্টর (এক্সচেঞ্জ কো-অর্ডিনেটর) হিসেবে তানভিরুর রহমান তমাল, ভাইস ডিরেক্টর (কমিউনিকেশন) হিসেবে সাদিয়া সুলতানা, ভাইস ডিরেক্টর (এক্সটার্নাল রিলেশনস) চপল কুণ্ডু, ভাইস ডিরেক্টর (ফাইন্যান্স) স্পন্দন সাহা রয়েছে।
এছাড়াও মেম্বারশিপ অফিসার হিসেবে অর্পিতা মহন্ত, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে নাঈমুর হোসেন নীরব দায়িত্ব পালন করবেন।



























