শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

দুদকে মব সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে অভিযোগ দিল সাকিব ভক্তরা

দুদকে মব সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে অভিযোগ দিল সাকিব ভক্তরা
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একপ্রকার 'মব' সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগটি করেছেন সাকিব আল হাসান-এর একদল ভক্ত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দুদক সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসান-এর পক্ষে স্লোগান দিতে দিতে কার্যালয়ে জড়ো হয়। পরে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন গ্রহণের দাবি জানায়। একপর্যায়ে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে। এতে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট বিভাগ অভিযোগপত্রটি গ্রহণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা জানান, একদল ব্যক্তি কার্যালয়ের ভেতরে এসে হট্টগোল সৃষ্টি করে এবং কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করে। বেনামে দাখিল করা অভিযোগটি বর্তমানে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দুদকে জমা পড়া কোনো অভিযোগই সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে অভিযোগে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যথায় অভিযোগটি বাতিল করা হবে।

সর্বশেষ