শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশিত: ১৩:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দুই বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দুই বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ছবি: সংগৃহীত

দক্ষিণের বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া আপাতত শুষ্ক থাকলেও আগামী কয়েক দিনে কিছু পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পাঁচ দিনের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার প্রকাশিত পূর্বাভাসে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

বুধবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস; এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।