শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে শামস ইসলাম (৭) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ি ডাঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামস ওই এলাকার মমিনুল ইসলামের একমাত্র সন্তান এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যায় পরিবারের সদস্যরা ইফতারির প্রস্তুতি নেওয়ার সময় শামসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।