১২ দিনে বাতিল ৩৯১ ফ্লাইট
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে ভ্রমণে বড় ধরনের প্রভাব পড়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকার বিমান চলাচলেও এর সরাসরি প্রভাব পড়েছে। ফলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে।
বুধবার (১১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেবিচক জানায়, মধ্যপ্রাচ্যের আকাশপথে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় গত কয়েকদিন ধরেই নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হচ্ছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগও বাড়ছে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।
বুধবার বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে— কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা এয়ারের (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে।



























