শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:১৬, ২০ মার্চ ২০২৬

দেশে ফিরছেন ইরানে আটকে পড়া ২৮০ বাংলাদেশি

দেশে ফিরছেন ইরানে আটকে পড়া ২৮০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

যুদ্ধের কারণে ইরানে আটকে পড়া প্রায় ২৮০ জন বাংলাদেশি নাগরিককে অবশেষে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। 

শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে তাদের বহনকারী বিশেষ চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফিরে আসা এসব প্রবাসী বাংলাদেশিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামও সেখানে থাকার কথা রয়েছে।

জানা গেছে, ইরানের রাজধানী তেহরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের প্রথমে সড়কপথে আজারবাইজান সীমান্তে নেওয়া হয়। সেখান থেকে আবার সড়কপথে রাজধানী বাকুতে পৌঁছে দেওয়া হয়। পরে বাকু বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকার উদ্দেশ্যে রওনা করানো হয়।

প্রত্যাবাসন কার্যক্রম তদারকির দায়িত্বে রয়েছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় সহায়তা দিতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাও বাকুতে অবস্থান করছেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে ইরানকে ঘিরে মার্কিন-ইসরায়েল উত্তেজনার সময়ও বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তখন তারা স্থলপথে পাকিস্তান হয়ে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।