শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৭, ২০ মার্চ ২০২৬

কুরআনিক জিনিয়াসে ইবি শিক্ষার্থীদের সাফল্য: চ্যাম্পিয়ন সারজিল, রানারআপ ইহসান

কুরআনিক জিনিয়াসে ইবি শিক্ষার্থীদের সাফল্য: চ্যাম্পিয়ন সারজিল, রানারআপ ইহসান
ছবি: সংবাদ পরিক্রমা

দেশের জনপ্রিয় মেগা রিয়েলিটি শো ‘Quranic Genius’-এর প্রথম আসরে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবুল হোসাইন সারজিল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং একই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া প্রথম রানারআপ (দ্বিতীয় স্থান) হয়েছেন।

জানা যায়, সারা দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্তভাবে ৩০ জন টেলিভিশন রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি ধাপে প্রতিযোগিতা শেষে গ্র্যান্ড ফিনালে পাঁচজন অংশ নেন। এতে চ্যাম্পিয়ন হন সারজিল, প্রথম রানারআপ হন আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া এবং দ্বিতীয় রানারআপ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসনুন তাহসিফ।

এছাড়া চ্যাম্পিয়ন হিসেবে সারজিল পেয়েছেন ৩ লক্ষ টাকা ও উমরাহ পালনের সুযোগ। অন্যদিকে প্রথম রানারআপ ইহসান পেয়েছেন ২ লক্ষ টাকা ও উমরাহ করার সুযোগ।

প্রথম রানারআপ আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতেই তিনি এ অর্জন করতে পেরেছেন। শুরু থেকেই তিনি দোয়া করতেন যেন সেরা তিনজনের মধ্যে থাকতে পারেন এবং উমরাহ পালনের সুযোগ পান—আল্লাহ তায়ালা তার সেই আশা পূরণ করেছেন।

তিনি আরও জানান, রমজানজুড়ে প্রচারিত এ অনুষ্ঠান দেখার জন্য এবং তার জন্য দোয়া করার জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি প্রফেসর মুখতার আহমেদসহ Quranic Genius-এর পুরো টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আবুল হোসাইন সারজিল বলেন, এই অর্জনের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কুরআনের সাথে দীর্ঘ সময়ের সম্পর্ক, পরিশ্রম, দোয়া ও চেষ্টার এক অপূর্ব প্রতিদান তিনি পেয়েছেন বলে মনে করেন। এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়; এটি শিক্ষকদের দোয়া, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং সহযাত্রী প্রতিযোগীদের সাথে অনুপ্রেরণাময় পথচলার ফল। কুরআনের সাথে সম্পর্ক আরও দৃঢ় করা এবং এর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আরও বেশি অনুভব করছেন তিনি।

তিনি আরো জানান, টেলিভিশন প্রোগ্রামে এটিই ছিল সারজিলের প্রথম অংশগ্রহণ। প্রোগ্রামের ঘোষণা এবং উমরাহর সুযোগের বিষয়টি তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে।