পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় এবং যানবাহন পারাপার
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নাড়ির টানে ঘরে ফিরছে লাখো মানুষ। এই ব্যস্ত ঈদযাত্রায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর অধীনে থাকা পদ্মা সেতু ও যমুনা সেতু-তে একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার এবং টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে চলতি বছরের ১৭ থেকে ১৯ মার্চ—এই তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৯, হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। যেখানে ২০২৫ সালে একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি।
একই সময়ে পদ্মা সেতু থেকে মোট ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা টোল আদায় হয়েছে, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, যমুনা সেতুতেও রেকর্ড গড়েছে যান চলাচল। চলতি বছরের ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৫১,৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৪৮,৩৬৮টি।
টোল আদায়ের ক্ষেত্রেও নতুন উচ্চতা স্পর্শ করেছে এই সেতু। ২০২৬ সালে একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালের ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা-এর চেয়েও বেশি।
যানবাহনের চাপ তুলনামূলক বেশি হলেও এবার বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের ঘটনা ঘটেনি। এই সাফল্য দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের দক্ষতা ও সক্ষমতারই প্রমাণ বহন করে।
এ বিষয়ে সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ ও আধুনিক করতে নিরলস কাজ চলছে। পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীও আসন্ন ঈদযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।



























