ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার
বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামীকাল ঈদুল ফিতরের নামাজ রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে পড়ার আহ্বান জানিয়েছেন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার।
শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. ইউনূসকে এ আহ্বান জানান আব্দুন নূর তুষার।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আগামীকাল ঈদ।
আগামীকাল ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবসহ রোহিঙ্গাদের নিয়ে ঈদের নামাজ পড়ার কথা আরাকানে। এই মিথ্যা কথাটা তিনি সরকারের পয়সা খরচ করে জনসভা করে বলেছিলেন রোহিঙ্গাদের ক্যাম্পে।’
তুষার আরো বলেন, ‘তাকে (ড. মুহাম্মদ ইউনূস) আগামীকাল নামাজ পড়তে অনুরোধ করছি রোহিঙ্গাদের ক্যাম্পে। আরাকানে তো হবেই না।’
এই ঈদে তিনি কোথায় নামাজ পড়বেন? এত দিন তিনি জুমার নামাজ কোথায় পড়তেন? এমন প্রশ্ন তোলেন আব্দুন নূর তুষার।
তিনি বলেন, “তাকে আগামীকাল ‘চিকেন নেক’ মুরগির গলাগিলা দিয়ে লটপটি খেতে দাওয়াত দেওয়া উচিত। এই প্রতারণার জন্য তাকে বিশ্ববাটপার বলা কম হয়ে যায়। চার্লস শোভরাজের চেয়েও বড় খেলোয়াড় এই এপস্টেইউনূস।”



























