মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ২৭ জুলাই ২০২৬

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান গ্যাস সংকটের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কিছুটা কমতে শুরু করবে। একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে সরকার।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাস সংকটের কারণে জনগণের কাছে সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে এ সংকট সরকারি প্রতিষ্ঠানের কারণে নয়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি ত্রুটির কারণে সৃষ্টি হয়েছে। সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে।

তিনি জানান, বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা যাচ্ছে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। দেশীয় উৎপাদন স্বাভাবিক থাকলেও এক্সিলারেট এনার্জির একটি এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আমদানিকৃত এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল ২৪ ঘণ্টার মধ্যেই ত্রুটি মেরামত করা সম্ভব হবে। কিন্তু পরে সমস্যার জটিলতা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ এনে মেরামতের কাজ চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে এক্সিলারেট এনার্জির সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে প্রায় ৫০ শতাংশ গ্যাস সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে। পরবর্তী সপ্তাহে পুরো সক্ষমতায় সরবরাহ চালু হওয়ার আশা করা হচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এফএসআরইউর বয়লার বিস্ফোরণের কারণে এই কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।

দীর্ঘমেয়াদে গ্যাসের সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস ও প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। ভোলার উদ্বৃত্ত গ্যাস বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় সরবরাহ, একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা এবং মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অতীতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতির কারণেই বর্তমান সংকট আরও জটিল হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়