বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ২৫ আগস্ট ২০২৬

দেশে সারের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা

দেশে সারের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। তবে ক্ষেত্রবিশেষে বিতরণ প্রক্রিয়ায় কিছু সমস্যা দেখা দিয়েছে। এসব সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষকদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যে ইতোমধ্যে বিপুল পরিমাণ সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয় কমিটির বৈঠকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এর এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আরও ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছিল।

ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমানে দেশে ৪ লাখ ৮২ হাজার টন ইউরিয়া, ৩ লাখ ৬৯ হাজার টন টিএসপি, ৩ লাখ ৬৮ হাজার টন ডিএপি এবং ১ লাখ ৪৬ হাজার টন এমওপি সার মজুত রয়েছে। সব মিলিয়ে দেশে বর্তমানে ১৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার সংরক্ষিত রয়েছে।

তিনি আরও বলেন, এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে আরও বিপুল পরিমাণ সার আমদানির অপেক্ষায় রয়েছে। এসব সার আমদানির জন্য চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াও চলমান রয়েছে। ফলে দেশে সারের সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

জনপ্রিয়