‘ধর্ম নয়, মানুষের কর্ম দিয়ে বিচার করতে চাই’: প্রতিমন্ত্রী আজাদ
‘আমি মানুষকে ধর্মের দৃষ্টিতে বিচার করতে চাই না, আমি মানুষকে তার কর্মের মাধ্যমে বিচার করতে চাই’—এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং তার কর্ম ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। সমাজে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বোদা উপজেলার ১০টি ইউনিয়নে পাঁচ হাজারেরও বেশি সনাতন পরিবারের মাঝে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র সহসভাপতি মোছা. লাইলী বেগম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বোদা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রিয়েলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপহারসামগ্রী বিতরণ শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে।



























