নিষিদ্ধ ছাত্রলীগের পদে জামায়াত নেতার ছেলে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে আলী আকবর তানভীর। তবে ছেলের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা ও কমিটিতে পদ পাওয়ার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন সিরাজ উদ্দিন।
গত ১৮ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার ফেসবুক পোস্টে প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটির তালিকায় আলী আকবর তানভীরের নাম দেখা যায়।
মোবাইল ফোনে সিরাজ উদ্দিন জানান, তাঁর ছেলে বর্তমানে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত কয়েক মাস ধরে তিনি দেশের বাইরে রয়েছেন। ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না বলে দাবি করেন তিনি।
সিরাজ উদ্দিন বলেন, “জামায়াতের আদর্শ আর আওয়ামী লীগের আদর্শ কখনো এক নয়। আগে জানলে আমার ছেলেকে ত্যাজ্যপুত্র করতাম।”
তিনি আরও জানান, কমিটি ঘোষণার পর ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছে। তানভীর তাঁকে জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের পক্ষে কোনো লিখিত বা অন্য কোনো প্রমাণ তাঁর কাছে নেই।
এ বিষয়ে ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, “ফ্যাসিস্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই দলে যারা রয়েছে, তাদের সবার শাস্তি হোক।”
বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতির ছেলে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত—এমন তথ্য তাঁর জানা নেই বলেও জানান আবুল হোসেন। তবে বিষয়টি সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি সিরাজ উদ্দিনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানান।
আলী আকবর তানভীরের বক্তব্য জানতে তাঁর বাবার কাছে যোগাযোগের নম্বর চাওয়া হলেও তিনি তা দিতে পারেননি। ফলে এ বিষয়ে তানভীরের বক্তব্য পাওয়া যায়নি।



























