বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ১ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান: ভূমিমন্ত্রী

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচী উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
 
মন্ত্রী বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করতে তিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিস্টের পতন হয়েছে।

মিজানুর রহমান মিনু বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে হানাদার মুক্ত করেছেন। তাঁর হাতে গড়া দল বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষকে রক্ষা করার দল।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় মা, মাটি ও মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া  আপসহীনভাবে নেতৃত্ব দিয়ে সারাবিশ্বে সুনাম অর্জন করেছেন। গণতন্ত্রের জন্য লড়ে আমাদের মাঝ থেকে তিনি বিদায় নিয়েছেন।

এ সময় মিজানুর রহমান মিনু বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এরপর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে।

তিনি আরও বলেন, যেকোনো শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শহীদ জিয়ার সৈনিকদের। আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি হাতিয়ার তুলে নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন। তাঁর নেতৃত্বে  দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল।

ভূমিমন্ত্রী বলেন, আজ যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করেন, তারা তখন বিদেশে বিলাসবহুল হোটেলে ছিলেন। আমরাই এ দেশের জন্য রক্ত দিয়েছি। তিনি বলেন, বিএনপি’র নেতাকর্মীরা সবসময় দেশের মানুষের জন্য লড়াই করেছে।

জনপ্রিয়