পেশাজীবীদের স্বাধিকার রক্ষায় জাগ্রত থাকবে ডিইএব
দেশের জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পেশাজীবীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি পেশাজীবীদের স্বাধিকার রক্ষায় সবসময় জাগ্রত থাকবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিইএব)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ডিইএব নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতারা বলেন, ১৯৭৮ সালের এই দিনে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বীর রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়।
তারা বলেন, দেশ ও জাতির চরম সংকটকালে দুঃশাসনের বিরুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে বিএনপি দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। দলের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে জেল-জুলুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছিয়ে যাননি।
ডিইএব নেতারা বলেন, দলের দুঃসময়ে ডিপ্লোমা প্রকৌশলীরাও বিএনপির পাশে ছিলেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি পেশাজীবীদের নিয়ে রাজপথের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিয়েছেন তারা। সেই ধারাবাহিকতায় ডিপ্লোমা প্রকৌশলীরা এখনো প্রকৌশলীদের স্বাধীনতা ও স্বাধিকার রক্ষায় জাগ্রত রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
তারা আরও বলেন, পেশাজীবীদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ডিইএব বাতিঘর হিসেবে কাজ করে যাবে।
শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় উপস্থিত ছিলেন ডিইএবের সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সদস্য প্রকৌশলী সেলিমুর রহমান সেলিম, প্রকৌশলী মো. আশরাফুল হোসেন শাকিল, প্রকৌশলী মো. রাসেল, প্রকৌশলী মো. সৈকতসহ ডিইএবের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রণীত ১৯ দফা কর্মসূচি দলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। সেই আদর্শ ও ভিত্তির ওপর দাঁড়িয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাবেন বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।



























