বোচাগঞ্জে জাতীয় কৃষক সমিতির দাবি দিবস পালিত
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জে দাবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় কৃষক সমিতির বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হবিবর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাহানুর সেলিম বাবু এবং বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম হীরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট ৭ দফা দাবিসংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে— ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত প্রদান, সার, ডিজেল ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, পাটের লাভজনক মূল্য নির্ধারণ, সার বিক্রয়ে সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধ, প্রকৃত কৃষক ও ক্ষেতমজুরদের মাঝে কৃষি কার্ড বিতরণ, গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু এবং চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
সমাবেশে বক্তারা কৃষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।



























