পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে কেউ পেয়েছেন নতুন সার্কেলের দায়িত্ব, কেউ যুক্ত হয়েছেন ডিএমপি ও হাইওয়ে পুলিশের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন শাখাটির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমানকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হককে হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে এপিবিএনে কর্মরত তানিয়া ইসলামকে।
এ ছাড়া চট্টগ্রামের মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে ট্যুরিস্ট পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।



























