বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৬

আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ৩ সেপ্টেম্বর। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের এই দিনে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর পিজি হাসপাতাল থেকে জামিনে মুক্তি পান তিনি।

কারামুক্তির আট দিন পর, ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় তার ৬ হাজার ৩১৪ দিনের প্রবাসজীবন।

২০০৭ সালের ৭ মার্চ রাজধানীর ক্যান্টনমেন্টের বাসা থেকে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখা হয়। বিএনপির দাবি, কারাবন্দি অবস্থায় তিনি নির্যাতনের শিকার হন। অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে হাসপাতাল থেকে জামিনে মুক্তি পান তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। এ সময় হাসপাতালের বাইরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দলটির নেতাদের অভিযোগ, কারাবন্দি অবস্থায় তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা হয়েছিল। তাদের দাবি, ওই নির্যাতনের ফলে তার মেরুদণ্ডে গুরুতর সমস্যা দেখা দেয় এবং মুক্তির পরও দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে।

কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে বুধবার জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

দলীয় সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের কাছে ৩ সেপ্টেম্বর তারেক রহমানের রাজনৈতিক জীবনের একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত।

জনপ্রিয়