শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ৪ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী, তার স্ত্রী নাজমা আরা বারী এবং বডিগার্ড আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর বহর মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ এক পথচারী নারী গাড়ির সামনে চলে এলে তাকে বাঁচানোর চেষ্টা করেন চালক। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কৃষিজমিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় প্রতিমন্ত্রী, তার স্ত্রী এবং বডিগার্ডকে উদ্ধার করা হয়। প্রথমে তাদের কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসভবনে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে দুর্ঘটনায় আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পথচারী নারীরও চিকিৎসা চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়