নিউইয়র্কে গ্ল্যামারাস তমা মির্জা
গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। জমকালো এই আয়োজনে অংশ নিতে ঢালিউডের একঝাঁক তারকার সঙ্গে নিউইয়র্কে গিয়েছিলেন অভিনেত্রী তমা মির্জাও। অনুষ্ঠান শেষ হলেও এখনো সেখানেই সময় কাটাচ্ছেন তিনি। শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজের নানা মুহূর্ত।
সম্প্রতি তমা মির্জার প্রকাশ করা কয়েকটি নতুন ছবি সামাজিক মাধ্যমে নজর কেড়েছে। ছবিগুলোতে ভিন্নধর্মী ফরমাল লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। হালকা অফ-হোয়াইট টপসের সঙ্গে বড় সাদা ওভারকোট আর চোখে কালো চশমা—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও গ্ল্যামারের ছাপ।
নিউইয়র্কের একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসে তোলা ছবিগুলোতে তমাকে দেখা গেছে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে। কয়েকটি ছবিতে তার বোল্ড ও আবেদনময়ী অভিব্যক্তিও আলাদা করে নজর কেড়েছে। তার এই স্টাইলিশ উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে ভিন্ন মাত্রা।
ছবিগুলোর ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’
অভিনেত্রীর নতুন এই লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত ও অনুরাগীরা। সামাজিক মাধ্যমের মন্তব্যের ঘরে তার সহকর্মীদেরও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিউইয়র্কের ব্যস্ত শহুরে পরিবেশে তমার এই ফ্যাশনেবল উপস্থিতি তাই নতুন করে আলোচনায় এসেছে।



























