ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়েও সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন। আখতার আহমেদ বলেন, এ বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটি প্রস্তাব দেবে। এরপর সেই প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার নির্বাচনে প্রচারের ক্ষেত্রে পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না বলেও জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার নির্দিষ্ট সময় সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে ভোট একাধিক ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ নির্বাচন তিন, পাঁচ অথবা নয় ধাপে হতে পারে বলে জানিয়েছেন আখতার আহমেদ।
ভোটগ্রহণের পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা ভিত্তিতে হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।



























