শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ২৪ অক্টোবর ২০২৬

সৌদিতে বাংলাদেশির শিরচ্ছেদের ঘটনায় আগামীকাল মানববন্ধন

সৌদিতে বাংলাদেশির শিরচ্ছেদের ঘটনায় আগামীকাল মানববন্ধন
প্রতীকী ছবি

সৌদি আরবে এক বাংলাদেশি নাগরিকের শিরচ্ছেদের ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশে বাংলাদেশিদের জীবনের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা (প্রবাস)।

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি।

‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ ও ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে সহ-আয়োজক হিসেবে রয়েছে গণতন্ত্র ও জবাবদিহিবিষয়ক দক্ষিণ এশিয়াভিত্তিক নেটওয়ার্ক সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি (স্যান্ড)। গবেষণা সহযোগী হিসেবে রয়েছে চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।

সংগঠনটি জানিয়েছে, প্রবাসীদের অধিকার রক্ষা, আইনি সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে ‘প্রবাস’। মানববন্ধন থেকে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত, অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হবে।

আয়োজকদের মতে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক বিপদে পড়লে তাঁকে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কূটনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি।

স্মারকলিপিতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা জোরদার, নির্যাতনের অভিযোগ তদন্ত এবং বিদেশে বিপদগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানানো হবে।

কর্মসূচিতে সংহতি জানাতে মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

সর্বশেষ

জনপ্রিয়