রোববার ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ২৪ অক্টোবর ২০২৬

পল্লবীতে চেকপোস্টের সংকেত অমান্য, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

পল্লবীতে চেকপোস্টের সংকেত অমান্য, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মশিউল আজম অরিন ও শান্ত ইসলাম। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

শনিবার রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

তিনি বলেন, চেকপোস্টে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২৮ মে মশিউল আজম অরিনের কাছ থেকে ডিবির মিরপুর বিভাগ একটি অস্ত্র উদ্ধার করেছিল। ওই ঘটনায় পল্লবী থানায় ২০২৫ সালের ২৫ মে অস্ত্র আইনে একটি মামলা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে।

অন্যদিকে, শান্ত ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়